news.mostafizweb.com

সঠিক সময়ে দ্রুত খবর

“বক্তব্য প্রদানকালে হঠাৎ মঞ্চে পড়ে যান জামায়াতের আমির”

আজকের তাজা খবর



বক্তব্য দিতে গিয়ে দু’বার মঞ্চে পড়ে যান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

বক্তব্য প্রদানকালে দু’বার মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টা ২২ মিনিটে প্রথমবার মঞ্চে পড়ে যান তিনি। সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবারও বক্তব্য দেওয়া শুরু করেন। কিছুক্ষণ পর দ্বিতীয়বারের মতো পড়ে গেলে বসে থেকেই বক্তব্য চালিয়ে যান।

চিকিৎসকরা তাকে বক্তব্য না দেওয়ার পরামর্শ দিলেও তিনি তা উপেক্ষা করেন। এসময় মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। দলের কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি সামাল দেন। পরে তিনি প্রায় ১০ মিনিট ধরে বসেই বক্তব্য দেন। বক্তব্য চলাকালে চিকিৎসকরা তার রক্তচাপ পরীক্ষা করেন, কেউ কেউ তাকে পাখা দিয়ে বাতাস করেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আমার যতক্ষণ হায়াত থাকবে, ততক্ষণ বাঁচবো। আমি শহিদি মৃত্যু চাই।” তার এ বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে উজ্জীবন ফিরে আসে। তিনি আরও জানান, জামায়াতের কেউ যদি সংসদ সদস্য হন, তবে তারা টাকা বিনিময়ে কিছু করবেন না এবং ট্যাক্সমুক্ত গাড়িও ব্যবহার করবেন না।

২০০৬ সালের ২৮ অক্টোবর পুরানা পল্টনে সংঘটিত ঘটনার কথা উল্লেখ করে তিনি একে গণহত্যা বলে দাবি করেন। পাশাপাশি শাপলা চত্বরসহ অতীতের বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

বক্তব্যকালে মঞ্চে থাকা কেন্দ্রীয় নেতারা দাঁড়িয়ে ছিলেন, কেউ কেউ তার পাশে বসে সেবা-শুশ্রূষা করছিলেন এবং বারবার বক্তব্য শেষ করার অনুরোধ জানাচ্ছিলেন। শেষ পর্যন্ত নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের অনুরোধে তিনি বক্তব্য শেষ করেন, স্লোগান ও সালামের মাধ্যমে।

এর আগে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল ১০টা থেকে ঢাকা মহানগর ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখা শুরু করেন। ফাঁকে ফাঁকে চলে সাংস্কৃতিক পরিবেশনা।

এই সমাবেশের মূল দাবি ছিল— অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, মৌলিক রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় নির্বাচনে পিআর (প্রতিনিধিত্ব মূলক) পদ্ধতির বাস্তবায়ন।

সমাবেশে জামায়াত ছাড়াও সমমনা রাজনৈতিক দলের নেতারাও অংশ নেন।


সকল ব্রেকিং নিউজ এর খবর সবার আগে পেতে ফলো দিয়ে পাশে থাকুন